নাহিদ রানার আগুনে বোলিংয়ে বাংলাদেশের দাপুটে জয়, সিরিজে সমতা ১-১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ AM

নাহিদ রানার আগুনে বোলিংয়ে বাংলাদেশের দাপুটে জয়, সিরিজে সমতা ১-১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৮:০১:২৫ PM

নাহিদ রানার আগুনে বোলিংয়ে বাংলাদেশের দাপুটে জয়, সিরিজে সমতা ১-১

সংগৃহিত


বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে টাইগাররা। গতি আর বাউন্সকে প্রধান অস্ত্র বানিয়ে শুরুতে ধাক্কা দিলেও শেষ পর্যন্ত কিউই পেসারদের ছাপিয়ে গিয়ে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। ফলে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে কার্যত ‘ফাইনাল’-এ।

মিরপুরে টস জিতে ব্যাট করা নিউজিল্যান্ড শুরুতেই পড়ে চাপে। আগুন ঝরানো বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেন নাহিদ রানা। তাঁর গতির সামনে অসহায় ছিলেন কিউই ব্যাটসম্যানরা। বিশেষ করে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বাউন্সার আর লেংথ বল সামলাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

দলের হয়ে একমাত্র লড়াই করেন ওপেনার নিক কেলি। ১০২ বলে ১৪ চার মেরে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে অন্য প্রান্তে কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে মোহাম্মদ আব্বাসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেন নাহিদ রানা। এছাড়া শরীফুল ইসলাম ২টি এবং তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশও। মাত্র ২১ রানের মধ্যেই ফিরে যান ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তবে সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে এ দুই ব্যাটসম্যান গড়ে তোলেন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলে ৭৬ রান করেন তানজিদ, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে ধীরস্থির ইনিংসে নিজের ফিফটি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ৫০ রানে অপরাজিত থাকলেও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

পরবর্তীতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

পুরো ম্যাচে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দাপট দেখানো বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তাঁর ৫ উইকেটের অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি নির্বাচিত হন ম্যাচসেরা।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে। এখন চট্টগ্রামের শেষ ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী