ডুজার সাংবাদিকদের হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ PM

ডুজার সাংবাদিকদের হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৭:০৫:০১ PM

ডুজার সাংবাদিকদের হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

নিজস্ব


ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি নোমান ফয়সাল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি। তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাংবাদিকদের কাজ ব্যাহত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতে এসব হামলা চালাচ্ছে।

সভাপতি নোমান ফয়সাল বলেন, ভয়ভীতি বা হামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। যারা এ ধরনের সহিংসতার পথ বেছে নিচ্ছে, তারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি ডুজার উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, সাংবাদিকদের ওপর আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি সতর্ক করে বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক পরিবেশও ঝুঁকির মুখে পড়বে। তাই দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

জৈন্তাবার্তা/সুলতানা