ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ প্রতিভাকে নিয়ে এই স্কোয়াড সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই মহোৎসবে বরাবরের মতোই আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি।
অধিনায়ক মেসির সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজদের উপস্থিতির কারণে এবারও আর্জেন্টিনাকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে।
কোচ স্কালোনি কাতার বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রাখলেও কিছু চমক ও পরিবর্তন এনেছেন। এবারের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি বেশ কয়েকজন তারকা ফুটবলার। কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ডিফেন্ডার মার্কোস আকুনিয়া দল থেকে বাদ পড়েছেন।
আক্রমণভাগের তীব্র প্রতিযোগিতার কারণে বাদ পড়েছেন উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনো। তবে দলে ডাক পেয়েছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমিওনের মতো প্রমাণিত ও তরুণ ফুটবলাররা।
এক নজরে ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই) ও হুয়ান মুসো (অ্যাতলেটিকো মাদ্রিদ)।
ডিফেন্ডার হিসেবে জায়গা পেলেন ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট) ও নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার হিসেবে লড়বেন রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস) ও এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন)।
ফরোয়ার্ডে থাকবেন লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ, নিকো গনজালেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো) ও হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।
আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ কারা?
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘গ্রুপ জে’-তে। এই গ্রুপে অন্য তিন দল- আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা এই তিনটি দলের মুখোমুখি হয়ে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে নামবে।
১৬ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হবে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম খেলা। এরপর যুক্তরাষ্ট্রের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপরীতে ২২ জুন এবং ২৭ জুন যুক্তরাষ্ট্রের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে জর্ডানে বিরুদ্ধে লড়াইয়ে নামবে গতবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন দল।
এবারের ফিফা বিশ্বকাপে মোট ৪৮ দল অংশ নেবে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক দল নিয়ে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ৩২ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতো। দল বাড়ার কারণে স্বাভাবিকভাবেই এবার ম্যাচের সংখ্যাও বাড়ছে, পুরো টুর্নামেন্টে মোট ১০৪ ম্যাচ খেলা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন। এই ম্যাচ হবে মেক্সিকোর ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ‘গ্রুপ এ’-এর এই ম্যাচের মধ্য দিয়েই যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মূল লড়াইয়ের পর্দা উঠবে।
জৈন্তাবার্তা/আরআর




