দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১১ AM

দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ১২:৫৬:২২ PM

দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

ছবি : সংগৃহীত


অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই হন্ডুরাসকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। দ্বিতীয়ার্ধে তার দুর্দান্ত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমেওনে। 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইল ফিল্ডে বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। পুরো ম্যাচে রক্ষণভাগে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের ১১তম মিনিটেই প্রথম ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। আগুস্তিন জিয়াইয়ের ক্রস থেকে লাউতারো মার্তিনেসের নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক এদ্রিক মেনহিভার।

৩৩তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জিওভানি লো সেলসো। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল দখলের লড়াইয়ে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করেন ক্রিস্তোফার মেলেন্দেস। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

৩৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। মেনহিভার সঠিক দিকে ঝাঁপ দিলেও বলের গতি ঠেকাতে পারেননি। জাতীয় দলের জার্সিতে এটি ইন্টার মিলান তারকার ৩৭তম গোল।

প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। ৪৩তম মিনিটে লো সেলসোর শট রুখে দেন মেনহিভার। দুই মিনিট পর খুব কাছ থেকে নেওয়া সিমেওনের শটও প্রতিহত করেন তিনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লিসান্দ্রো মার্তিনেসের দুর্দান্ত বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বল ক্রসবার ঘেঁষে মাঠের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান থিয়াগো আলমাদা। তবে সুবিধাজনক অবস্থান থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ৫০তম মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন এই তরুণ ফরোয়ার্ড। ডি-বক্সে অরক্ষিত অবস্থায় সময় পেলেও তাড়াহুড়োয় তার শট অনেক দূর দিয়ে বাইরে চলে যায়।

এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের চমৎকার ব্যাকহিল পাস পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার জুলিয়ানো সিমেওনে। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ স্কালোনি। এর মধ্যে লিসান্দ্রো মার্তিনেসের বদলি হিসেবে মাঠে নামেন ক্রিস্তিয়ান রোমেরো। গত ১৩ এপ্রিল চোট পাওয়ার পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে খেললেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক।

এরপর দুই দলই একাধিক পরিবর্তন আনে। ফলে ম্যাচের গতি কিছুটা কমে যায় এবং শেষ দিকে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী বুধবার আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জৈন্তাবার্তা/আরআর