নিজস্ব
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন 'সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অনুষ্ঠানে জনসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানীগঞ্জে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে প্রশংসিত পুলিশ সদস্য হাসান আহমদ এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া অলিউর রহমান অনিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ১০১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে, ও সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের প্রধান পরিচালক ডা. আল আমিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী শামিম আহমদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুধীজন ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলামের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




