উদ্যোক্তা হয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ডিসি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৭ PM

উদ্যোক্তা হয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ডিসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০২:২৮:১৩ PM

উদ্যোক্তা হয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ডিসি


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, দেশের উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য। আর সেই শিল্পপ্রতিষ্ঠান হতে পারে ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ। তাই আমাদেরকে উদ্যোক্ত হয়ে শিল্পপ্রতিষ্ঠান করতে হবে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, সিলেটের আয়োজনে সোমবার সকালে অনুষ্ঠিত ‘সিলেট জেলার ক্লাস্টার ভিত্তিক পণ্যের সম্ভাবনা, চ্যালেঞ্জসমূহ ও করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক আরো বলেন, সিলেটে উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু সিলেটের মানুষ অনেকটা আরামপ্রিয়। অনেকে কষ্ট করতে আগ্রহী নয়। তাই অনেকে সফল হতে পারেন না। তিনি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে, উদ্যোক্তা হতে হবে। আর উদ্যোক্তাদের তো অনেক শ্রম দিতে হয়।

সারওয়ার আলম বলেন, জীবনে সফল হতে হলে ব্যবসা করতে হবে, উৎপাদন করতে হবে। তিনি বলেন, তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজের জন্য যোগ্য করতে হবে। তাদেরকে কাজে উৎসাহ দিতে হবে। 

সফল উদ্যোক্তা হতে পারলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নের অংশিদারও হওয়া যায় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদেরকে শিক্ষা গ্রহণের পর চাকরির চিন্তা না করে উদ্যোক্তা হতে হবে, সৃজনশীল হতে হবে। একই সাথে নিজ নিজ অবস্থানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে কাজে দায়বদ্ধতা না থাকলে, গাফিলতি করলে সফল হওয়া যায় না।

তিনি বলেন, শিল্পায়নে সিলেটে অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। সিলেটকে আরো উন্নত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। একই সাথে সিলেটে প্রবাসীদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হবে।

হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এব্যাপারে আমার ব্যক্তিগত কোনো লাভক্ষতি নেই। আমি চেয়েছিলাম মাস্টার প্লানের মাধ্যমে মাজারের উন্নয়ন। মাজারের আয়-ব্যয় হিসাবে স্বচ্ছতা আনা। কিন্তু এসব বিষয়ে আমার আর তেমন কিছু করার সুযোগ হচ্ছে না।

তিনি বলেন, এ শহর সবার। তাই এ শহরকে সুন্দর রাখার দায়িত্বও সবার। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক’র ডিজিএম সোহেল হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আলীমূল এহসান চৌধুরী ও ফুলকলি ফুডস্’র জিএম জসিম উদ্দিন খন্দকার।

এ ছাড়াও মুক্ত আলোচনায় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ
গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩