ছবি:সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের মাধ্যমে ৬টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মনসুর আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, রিফাতপুর গ্রামের মৃত ছাইম উল্লার ছেলে মনসুর আহমেদসহ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। তাদের অভিযোগ, একই গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে মারাজ মিয়াসহ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে ২০২২ সালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা (নং-২৮৫/২২ নবীগঞ্জ) দায়ের করা হয়। পরে ২২ নভেম্বর ২০২২ তারিখে আদালত বাদীপক্ষে আদেশ দেন। তবে অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে বিবাদীরা ওই আদেশ অমান্য করে আবারও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ ঘটনায় মনসুর আহমেদ পুনরায় ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা (নং-৭৬২/২০২২ নবীগঞ্জ) দায়ের করেন। পরে সংশ্লিষ্ট মামলার আদেশের বিরুদ্ধে বিবাদীপক্ষ আপিল করে। অভিযোগকারীদের দাবি, আপিল মামলার আদেশও তাদের পক্ষে আসার পর গত ১৮ জুন ২০২৬ সকালে ওই রাস্তার সলিং ইট তুলে দিয়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোমিনা বেগম অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। রাস্তা বন্ধ করে দেওয়ায় ৬টি পরিবারের নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান তিনি।
তবে অভিযুক্ত মারাজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জায়গাটি তাদের নিজস্ব মালিকানাধীন এবং রাস্তা বন্ধ করার অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




