শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২২ PM

শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১১:১১:০৬ PM

শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ছবি:সংগৃহীত


শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান, হাতে তখনও ৬ উইকেট। সহজ সমীকরণও একসময় কঠিন হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে রোববারের এই জয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

এর আগে একই সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। টি–টোয়েন্টি সিরিজ জিতে সেই হতাশা কিছুটা কাটাল টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তোলে। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৪ রান করে আউট হলেও ব্রায়ান বেনেট ও ডিয়ন মায়ার্স দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

বেনেট ৩৮ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ইনিংসের দায়িত্ব নেন মায়ার্স। তিনি ৫৩ বলে ৭৩ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে তাঁর বাইরে জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ ওভারে তাসকিন আহমেদ মাত্র ৬ রান দিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে দেননি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩০ রান তুলতে পারে দলটি। পরে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান ৫৫ রানের জুটি গড়ে চাপ সামাল দেন।

এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে তানজিদ আরও ৬৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। হৃদয় আউট হলেও ৫৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তানজিদ।

তবে শেষ ওভারে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়। জয়ের জন্য ৫ রান প্রয়োজন থাকলেও প্রথম বলে এক রান নেওয়ার পর মোসাদ্দেক হোসেন বোল্ড হন। পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তিন বল হাতে রেখে বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৪ রান। চতুর্থ বলে মেহেদী হাসান এলবিডব্লিউর আবেদন উঠলেও বল করার সময় ফিল্ডারের নড়াচড়ার কারণে আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করেন। এ সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়ের বোলার ব্র্যাড ইভান্স ও বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসানের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়।

শেষ পর্যন্ত পরের বলেই চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মেহেদী হাসান। ম্যাচ শেষে কিছু সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও দেখা যায়।

৪ উইকেটের এই জয়ে বাংলাদেশ ২–১ ব্যবধানে সিরিজ জিতে সফর শেষ করল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ