সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নম্বরবিহীন এইচ পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।এ ঘটনায় জিরাসহ জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুল হাসান সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/সুলতানা




