ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নির্বিঘ্ন রাখতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, মাতৃত্বকালীন সময়সহ বিভিন্ন শারীরিক ও পারিবারিক বাস্তবতার কারণে অনেক নারী শিক্ষার্থীর পক্ষে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা সম্ভব হয় না। কিন্তু এ কারণে যেন তাদের উচ্চশিক্ষা ব্যাহত না হয় এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে তারা বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই ন্যূনতম উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে নারী শিক্ষার্থীরা মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ জীবনের পর্যায়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন। এ ধরনের উদ্যোগ নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ ও শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত বিভাগীয় প্রধানরা প্রস্তাবটির প্রতি ইতিবাচক মতামত দেন এবং সর্বসম্মতিক্রমে এতে সম্মতি জানান। সিদ্ধান্ত অনুযায়ী, বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী একাডেমিক কাউন্সিল সভায় উপস্থাপন করা হবে।
একই সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গতি বজায় রাখা, সেশনজট নিরসন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য চলমান সেমিস্টারের পরীক্ষার ফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




