ছবি:সংগৃহীত
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি থেকে অবসরে গেলেও শৃঙ্খলা, চেইন অব কমান্ড এবং পেশাগত আদর্শ থেকে কখনো বিচ্যুত হন না। রাষ্ট্র ও দেশের জনগণের যেকোনো প্রয়োজনে রিজার্ভ ফোর্স হিসেবে তারা সবসময় প্রস্তুত রয়েছেন।
বুধবার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি কর্পোরাল (অব.) শোয়েব আহমেদ অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সৈয়দ মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন খান।
বক্তারা বলেন, দেশের সংবিধানের প্রতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে। দেশের যেকোনো সংকট, দুর্যোগ কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বদা প্রস্তুত। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনকল্যাণে প্রয়োজন হলে দায়িত্ব পালনে তারা রিজার্ভ ফোর্স হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব.) আজিজুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) কবির হোসেন, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল (অব.) ফরিদ মিয়া এবং কার্যনির্বাহী সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মো. খোরশদ আলম।
সভায় সংগঠনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




