ছবি: জৈন্তা বার্তা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চৌমুহনী বাজার-লম্বাকান্দি-ঢোলাখাল সড়কের একটি অংশ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। আগে থেকেই ভাঙাচোরা থাকা সড়কটি পানিতে ডুবে যাওয়ায় চার থেকে পাঁচটি গ্রামের হাজারো মানুষের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, এলজিইডির আওতাধীন এই পাকা সড়কটি দিয়ে চৌমুহনী বাজার থেকে ঢোলাখাল, লম্বাকান্দি, ভাগারপাড় ও নভাগী গ্রামের মানুষ প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে যাতায়াত করেন। এ পথেই স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থীও চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বন্যার পানিতে কয়েকটি অংশ ডুবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।
লম্বাকান্দি গ্রামের বাসিন্দা শাহাদাত খাঁ বলেন, দীর্ঘ প্রায় তিন দশক ধরে তারা একটি ভাঙা সেতু ব্যবহার করেছেন। সম্প্রতি সেখানে নতুন সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক ও ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার হয়নি। ফলে নতুন সেতুর সুফল পুরোপুরি মিলছে না। ভাঙা সড়কে প্রায়ই অটোরিকশা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং মানুষ আহত হচ্ছে।
একই গ্রামের আব্দুল জব্বার খাঁ বলেন, সেতুর অ্যাপ্রোচ সড়কও ঠিকমতো নির্মাণ করা হয়নি। তাই দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। দ্রুত সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বলেন, চৌমুহনী বাজার-ঢোলাখাল-লম্বাকান্দি সড়কে নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে। পুরো সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




