সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত (ওসি) ছবেদ আলীর সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের ডাকের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচারের গোলাপগঞ্জ প্রতিনিধি মাওলানা শহিদুর রহমান সুহেদ, সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক জেলোয়ার হোসেন স্বপন, দৈনিক শুভ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক গণমুক্তির গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম, এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ এবং সাংবাদিক সামিল হোসেন। এ ছাড়াও গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের কল্যাণে একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা রক্ষা আরও কার্যকর হবে।
নবাগত ওসি ছবেদ আলী বলেন, গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ বা অনিয়মের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে চাই।
সভায় উপস্থিত সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গঠনমূলক সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
জৈন্তাবার্তা/আরআর


.jpg6a67cdfc55a57.jpg)

