২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ অধ্যক্ষসহ ২০ জন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ অধ্যক্ষসহ ২০ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৫:০২:২৩ PM

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ অধ্যক্ষসহ ২০ জন

সংগৃহিত


কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত হওয়ার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভবনের ভেতরে অবরুদ্ধ রয়েছেন কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৪ শিক্ষক এবং ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ফটকে তালা থাকায় ভেতরে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বের হতে পারছেন না। অবরুদ্ধদের জন্য বাইরে থেকে জানালা দিয়ে খাবার সরবরাহ করার খবরও পাওয়া গেছে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ‘শাটডাউন’ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হওয়ায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনে নেমেছেন।

তাদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে অবিলম্বে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে আন্দোলনের মধ্যেই রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামানকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক মো. সাহিদ ইকবালকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই বদলির আদেশ প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত বদলি হওয়া অধ্যক্ষকে ক্যাম্পাস ছাড়তে দেওয়া হবে না এবং নতুন অধ্যক্ষকেও ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু এর মধ্যেও শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি জানান, তারা প্রায় দুই দিন ধরে প্রশাসনিক ভবনের ভেতরে আটকা রয়েছেন।

অন্যদিকে সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল-এই তিনটি বিভাগ রয়েছে। পাঁচটি ব্যাচে কলেজটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।

শিক্ষার্থীদের আন্দোলন এবং প্রশাসনিক ভবনে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ থাকার ঘটনায় কলেজে অচলাবস্থা তৈরি হয়েছে। দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সঠিকভাবে ভোটার তালিকা যাচাই-বাছাই করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫