দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ PM

সিলেট চেম্বারের প্রশাসকের সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৫:৫৩:১৬ PM

দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান

ছবি:সংগৃহীত


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

মতবিনিময় সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ এজাজ আহমদ চৌধুরীকে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। তারা বলেন, সিলেটের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। এর আগে দুইবার নির্বাচনী তফসিল ঘোষণা ও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরও নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা একজন ব্যবসায়ী নেতাই সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাই সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান তারা। এ কাজে প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, বৈধ ট্রেড লাইসেন্সধারী ও সরকারকে কর প্রদানকারী যেকোনো ব্যবসায়ীর চেম্বারের সদস্য ও ভোটার হওয়ার অধিকার রয়েছে। অনেক ব্যবসায়ী পরপর দুইবার ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ হালনাগাদ করে এবং চেম্বারের ফি পরিশোধ করে ভোটার হয়েছেন। কিন্তু তারা ভোট দেওয়ার সুযোগ পাননি।

তিনি ভোটারদের প্রয়োজনীয় কাগজপত্র সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন এবং দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসায়ীদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া চেম্বার কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। তারা অতীতের মতো কোনো ‘বোঝাপড়ার কমিটি’ চান না। দল-মত নির্বিশেষে সরাসরি ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত করার দাবি জানান তারা। একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোক-এটি কখনোই কাম্য নয়। যেকোনো বাণিজ্য সংগঠন নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হওয়াই বাঞ্ছনীয়।

তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে দ্রুত নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সাবেক সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সাবেক সহসভাপতি মো. আতিক হোসেন, সাবেক পরিচালক আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, আখতার হোসেন খান, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বারের সদস্য মাছুম ইফতেখার রসুল শিহাব, জুবায়ের আহমদ চৌধুরী, আতিকুর রেজা চৌধুরী, আমিন পারভেজ, আব্দুল কাইয়ুম, মুজাহিদ খান গুলশান, মশিউর রহমান হাফিজ, আব্দুল বাসিত, এ এইচ এম মোস্তাকিম চৌধুরী, এনামুল হক কুটি, মুক্তাদির হোসেন তপাদার, হাসান কবির প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ