ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।
বুধবার (২৯ জুলাই) পৃথক দুটি অনুষ্ঠানে-দি এইডেড হাই স্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দি এইডেড হাই স্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
সকালে দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণে সমাজসেবক মাহিউদ্দিন সেলিমের আর্থিক সহযোগিতায় নির্মিতব্য বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, যুবসমাজকে শুধু সনদনির্ভর শিক্ষায় নয়, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, উচ্চশিক্ষায় মেধাবীদের উৎসাহ প্রদান এবং কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষার সম্প্রসারণে কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান সেলিম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক শমসের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সাবেক কাউন্সিলর জামাল আহমদ এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দীপাল কুমার সিংহ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধ পানির সংকট, খেলার মাঠ ও প্লে-জোনের অভাব, অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলে সিসিক প্রশাসক পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার, দুটি ফটক নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিক প্রশাসক।
তিনি বলেন, ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ সংস্কার, ড্রেনেজ উন্নয়ন এবং দুটি নতুন ফটক নির্মাণের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে বিদ্যালয়ের অন্যান্য সমস্যাও সমাধান করা হবে।
তিনি বলেন, একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী সুলতানা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার।
পরে সিসিক প্রশাসক মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




