ছবি:সংগৃহীত
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার মাধ্যমে নজরুল একাডেমী সিলেটের আগামী তিন বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বদরুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্য পৌঁছে দিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি সম্প্রীতি, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।
এ সময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তাঁর কালজয়ী সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক আদর্শ তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল একাডেমী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নজরুল একাডেমীর উপদেষ্টা নাসিম হোসেইন, প্রিন্সিপাল হিমাংশু বিশ্বাস, বাচিকশিল্পী খসরুজ্জামান খসরু, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা
নবগঠিত কমিটিতে দেওয়ান তৌফিক মজিদ লায়েক সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আমিনুল ইসলাম, এম এ হান্নান, অধ্যাপক লে. মনিরুল ইসলাম, আশরাফ গাজী, নিহার রঞ্জন দাস, মিলাদ বড় ভূঁইয়া, তাজউদ্দীন আহমদ মাসুম, মোস্তফা কামাল পাশা মওদুদ, লোকমান আহমদ ও লিটন আহমদ।
এছাড়া প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল কাদির সমছু। যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ ও আলতাফ হোসেন সুমন। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সোহেল, কোষাধ্যক্ষ আশরাফ আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজন আহমদ সাজু, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক ও পেশাজীবীরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও নজরুলসংগীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। পরে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




