ছবি:সংগৃহীত
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা, মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা সুসংহত করার দাবি জানিয়েছেন গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট অধ্যাপক শফিকুর রহমান।
তিনি বলেছেন, অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় সিলেটবাসী আর চুপ করে থাকবে না। হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও গাজী বোরহান উদ্দীন (রহ.)-এর মাজারসহ গুরুত্বপূর্ণ মাজারগুলোর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে। একই সঙ্গে অসাধু চক্রকে বাদ দিয়ে মাজার পরিচালনা কমিটি সংস্কার করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদ আসর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাজারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং পরিচালনা কমিটি সংস্কারের দাবির পাশাপাশি সিলেটে সাম্প্রতিক লোডশেডিং ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেন, “মাজার আমাদের ভক্তি ও শ্রদ্ধার জায়গা। কিন্তু দুঃখজনকভাবে কোটি কোটি টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্টতা ও অস্বচ্ছতা বিরাজ করছে। তাই অবিলম্বে সব মাজারের অর্থনৈতিক হিসাব প্রকাশ করতে হবে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা কমিটি পুনর্গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্যে ট্রিপল মার্ডারের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে জনজীবন মারাত্মকভাবে অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে। সিলেট অঞ্চলকে বিদ্যুৎ বিড়ম্বনা থেকে দ্রুত মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কলম যোদ্ধা লিয়াকত আলী খান, জামিল আহমদ লিটন, মনোয়ার হোসেন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, আলহাজ্ব মো. মোখতার আহমদ তালুকদার, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, কবি কামাল আহমদ, মো. জামাল আহমদ, মাসুক আহমদ, মো. ইউসুফ সেলু, শিপলু আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা খাইরুল ইসলাম ও মাওলানা ছহুল আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




