ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সবার সহযোগিতায় আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত একটি নগরী গড়ার কাজ শুরু করেছি। নগরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে অবশ্যই আমরা এ কাজে সফল হব।’
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা পরিদর্শন এবং সেখানে চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘তেলিরাই একটি দীর্ঘদিনের অবহেলিত ও অনুন্নত এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সড়ক ও ড্রেন নির্মাণকাজের গতি বাড়িয়ে দ্রুত তা সম্পন্ন করা হবে।’
তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে তেলিরাই এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলছে। সড়ক সম্প্রসারণের স্বার্থে এলাকার অনেক বাসিন্দা স্বেচ্ছায় নিজেদের ভূমি ছেড়ে দিয়েছেন। বৃহত্তর জনস্বার্থে তাদের এ ত্যাগ অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় তিনি তেলিরাই এলাকার সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সিসিক প্রশাসক আরও বলেন, একটি মাত্র সড়কের কারণে তেলিরাই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। নগরবাসীর এ দুর্ভোগ দ্রুত নিরসনে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি চলমান উন্নয়নকাজের মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, শানর মিয়া, আজাদ মিয়া, এমদাই হোসেন, মো. আবুল কালাম আজাদ ও মো. শাহেদ আহমদসহ এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় বাসিন্দারা সিসিক প্রশাসকের তদারকি ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং চলমান উন্নয়নকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




