ছবি:সংগৃহীত
সিলেটের কানাইঘাটে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে নাজিম উদ্দিন (৩৩) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কানাইঘাট পৌরসভার উত্তর বাজারে পূবালী ব্যাংক-সংলগ্ন নাজিম উদ্দিনের মুদি দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই দোকানে অভিযান চালান। অভিযানে নাজিম উদ্দিনকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার বড়চতুল (খলাগ্রাম) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারের পর নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে চলতি আগস্ট মাসেও কানাইঘাটে মাদকবিরোধী একাধিক অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। ১৩ আগস্ট দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি এলাকায় ২০ পিস ইয়াবাসহ রুবেল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
এ ছাড়া ১৪ আগস্ট রাজাগঞ্জ ইউনিয়নের মইনা এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি রয়েছে। পুলিশও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




