উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM

সিলেট নগরীর তোপখানায় মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন

উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৫:৫৫:০৯ PM

উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী

সংগৃহিত


সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূর করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য দল ও সরকারের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে নানা প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প উৎপাদনের জন্য বাংলাদেশকে বিপুল পরিমাণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষিপণ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি একদিনে পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, বাণিজ্যের মোট পরিমাণ বা ট্রেড ভলিউম বাড়ানোর পাশাপাশি নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের ভিত্তিতে দলের নেতাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। এটি কোনো সমন্বয়হীনতা নয়; বরং দলীয় শক্তি ও কৌশলকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করে নতুন উদ্যম সৃষ্টির একটি প্রক্রিয়া। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার হওয়া উচিত।

অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ