ছবি:সংগৃহীত
২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ শুরু হয়েছে। এবার পুরুষ ও নারী- দুই বিভাগেই সেরা গোলরক্ষক, সেরা কোচ ও সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
পুরুষদের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে গতবারের বিজয়ী ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার মনোনয়ন পাননি।
পুরুষ গোলরক্ষকের তালিকায় বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া রয়েছেন। আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। রায়ার মনোনয়ন মূলত আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং দলটির প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এসেছে।
পুরুষ গোলরক্ষকের মনোনয়ন
ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন) ও ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।
নারী গোলরক্ষকের তালিকায় হানা হ্যাম্পটন
নারী বিভাগের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তালিকায় আছেন গতবারের বিজয়ী ইংল্যান্ডের হানা হ্যাম্পটন। এবারও পুরস্কার ধরে রাখার সুযোগ রয়েছে চেলসির এই গোলরক্ষকের।
নারী গোলরক্ষকের অন্য মনোনীতরা হলেন—অ্যান-কাটরিন বার্গার (গোথাম এফসি/জার্মানি), কাটা কোল (বার্সেলোনা/স্পেন), লোরেনা (কানসাস সিটি/ব্রাজিল) ও আয়াকা ইয়ামাশিতা (ম্যানচেস্টার সিটি/জাপান)।
ইয়োহান ক্রুইফ ট্রফির লড়াইয়ে আরতেতা-এনরিকে
সেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফির জন্য নারী ও পুরুষ—দুই বিভাগে পাঁচজন করে কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
পুরুষ কোচদের তালিকায় রয়েছেন আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপ-সেরা করা লুইস এনরিকে এবং স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁদের সঙ্গে আছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।
পুরুষ কোচ: মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন) ও লুইস এনরিকে (পিএসজি)।
নারী কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যানচেস্টার সিটি), নিলস নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন)।
সেরা ক্লাবের মনোনয়নেও বড় নাম
২০২৬ ব্যালন ডি’অরের সেরা ক্লাবের পুরস্কারের জন্য পুরুষ ও নারী—দুই বিভাগেই পাঁচটি করে ক্লাবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পুরুষ ক্লাব: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি।
নারী ক্লাব: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।
২০২৬ ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগে মনোনয়ন ঘোষণাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে পুরুষ গোলরক্ষকের তালিকায় দোন্নারুম্মার অনুপস্থিতি এবং বিশ্বকাপে নজরকাড়া ভোজিনিয়ার অন্তর্ভুক্তি বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




