অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দল ঘোষণা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM

অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ১২:৪৯:২৪ PM

অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দল ঘোষণা


সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর নতুন যাত্রায় দলের স্কোয়াডে বেশ কিছু চমক রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। 

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

মঙ্গলবার রাতে ঘোষিত এই স্কোয়াডে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ মিস করা এস্তেভাও ও ওয়েসলি ফিরেছেন। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কোনো মুখ রাখা হয়নি।

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।

ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।

ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

এর আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ফেডারেশনের ওয়েবসাইটে জানান, বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখার এটি একটি সুযোগ। তিনি বলেন, “এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।”

অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচের শুরুটা করবে সেলেসাওরা। কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা দুটি ম্যাচ খেলবে। এরপর আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।

এর আগে ২০১৭ সালের জুনে মেলবোর্নে শেষবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল, যেখানে তারা ৪-০ গোলে জয়লাভ করেছিল। অন্যদিকে, ভারতের বিপক্ষে এই প্রথম খেলতে নামছে সেলেসাওরা। দেশটিতে দলটির বিশাল সংখ্যক ভক্ত রয়েছে। 

এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন।

জৈন্তাবার্তা/আরআর