শততম গোলের ম্যাচে শিরোপা জিতলেন মেসি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

শততম গোলের ম্যাচে শিরোপা জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ১২:৫৮:২৬ PM

শততম গোলের ম্যাচে শিরোপা জিতলেন মেসি

ছবি : সংগৃহীত


লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে নিজের শততম গোল করেছেন আর্জেন্টাইন তারকা। ক্রুজ আজুলের বিপক্ষে গোলটি করেছেন হেডে। ম্যাচে একটি গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ক্যাম্পিওনেস কাপও ঘরে তুলেছে মায়ামি।

মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার বার্ষিক এই লড়াইয়ের শিরোপা এবারই প্রথম জিতল মায়ামি। চলতি বছরে এটিই মেসির প্রথম শিরোপা। এই ম্যাচ দিয়ে মায়ামির নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস।

মেসির মাইলফলক ছোঁয়া গোলটি আসে ম্যাচের ২৪ মিনিটে। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস মেসির দিকে আসলে নিজের মার্কারকে টপকে উঁচুতে উঠে হেড করেন তিনি। এরপর ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে গোল করেন কাসেমিরো। তাতেই মায়ামির জয় ও শিরোপা নিশ্চিত হয়।

ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে এটাই তার দ্রুততম ১০০ গোল। বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলেছেন ১৭৪ ম্যাচ।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেন মেসি। দলটির হয়ে তার প্রথম গোলও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। মায়ামির হয়ে মেজর লিগ সকারে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি গোল করেছেন তিনি।

মায়ামির হয়ে মেসি প্রথম শিরোপা জেতেন ২০২৩ সালে, লিগস কাপে। পরের বছর মায়ামি জেতে সাপোর্টার্স শিল্ড। সেই মৌসুমে মেজর লিগ সকারে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি। এরপর ২০২৫ সালের মেজর লিগ সকার কাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।

ক্লাব ও দেশের হয়ে মেসির মোট গোল এখন ৯২৯টি। চলতি মেজর লিগ সকার মৌসুমে ২২ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি, যা লিগের সর্বোচ্চ। তবে শিরোপা ধরে রাখার মিশনে মায়ামি পিছিয়ে রয়েছে। ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৯। ২৫ ম্যাচে ন্যাশভিলের পয়েন্ট ৫৪, মায়ামির ৪৫।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর