রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ PM

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১২:৪২:৩১ PM

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

ছবি : সংগৃহীত


টানা দুই ম্যাচে রাফিনিয়ার অবিশ্বাস্য হ্যাটট্রিক! ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জাদুকরী নৈপুণ্যে সেভিয়াকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা।

রামোন সানচেজ পিযহুয়ান স্টেডিয়ামে রোববার রাতে ফিনিশিংয়ের দুর্দান্ত প্রদর্শনী দেখান ছন্দে থাকা রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৪তম গোল। গত বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ ব্যবধানের বড় জয়েও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। ম্যাচের ১৯তম মিনিটে চমৎকার এক আক্রমণে ফেলিক্স কোরিয়ার ক্রস থেকে নিকট পোস্টে হেডে বল জালে পাঠান ইউসুফ ফোফানা।

সেভিয়াকে এগিয়ে নেন ১-০ ব্যবধানে। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি সফরকারীরা। মাত্র তিন মিনিট পরেই (২২তম মিনিট) বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে সেভিয়া গোলরক্ষক ওডিসিয়াস ভলাচোডিমোসকে পরাস্ত করে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া।

দ্বিতীয় অর্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় হান্স ফ্লিকের শিষ্যরা।

৫২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ডি-বক্সের ভেতর ড্রিবল করে দারুণ এক চিপ ক্রস বাড়ান, যা থেকে হেড করে দলের এগিয়ে যাওয়া নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা।

৬৯তম মিনিটে সেই ইয়ামালের বাড়ানো চোখধাঁধানো পাস থেকেই অসাধারণ এক ‘চিপ’ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ২৯ বছর বয়সী রাফিনিয়া।

এই জয়ে লিগে টানা সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল কাতালান ক্লাবটি। ১ ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সংগ্রহ এখন ২১ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট বেশি।

জৈন্তাবার্তা/আরআর