সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৪:৪২:৫০ PM

সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত

ছবি:সংগৃহীত


‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরের কিন ব্রিজ এলাকা থেকে সাইকেল র‌্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, জ্যেষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ এবং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত।

বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটনসেবাকে আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তালেব মুরাদ ও গোলজার আহমদ হেলাল, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহসভাপতি হাসান সায়েম, সাধারণ সম্পাদক শেখ রাফি ও কোষাধ্যক্ষ শফি উদ্দিন, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবসের আয়োজন শেষ হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ