সংগৃহিত
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের যাতায়াত চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। তবে নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তরকে পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ২২ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় ওই মাসে পর্যটকেরা সেখানে যেতে পারেননি। ওই মৌসুমে নভেম্বরে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ ছিল না। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপ ভ্রমণ ও সেখানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন।
চার বছর আগেও টেকনাফ থেকে প্রতিদিন ৯ থেকে ১১টি জাহাজে পাঁচ থেকে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিনে যাতায়াত করতেন। টেকনাফ থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপটিতে পৌঁছাতেন তাঁরা।
তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধ পরিস্থিতি, আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, নাফ নদীতে চলাচলকারী বাংলাদেশি ট্রলার ও যাত্রীবাহী নৌযানে গুলিবর্ষণ এবং নৌকাসহ বাংলাদেশিদের অপহরণের মতো ঘটনায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াত শুরু হলে দ্বীপটির পরিবেশ সংরক্ষণ এবং পর্যটক ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




