ছবি:সংগৃহীত
জৈন্তিয়ার শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মোহাম্মদ রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ (৩১ অক্টোবর)।
২০১৩ সালের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জৈন্তিয়ার শিক্ষা, সমাজ ও সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়। তবে শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান ও কর্মময় জীবন তাঁকে আজও মানুষের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে।
পিছিয়ে পড়া জৈন্তিয়া জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ছিলেন একজন দূরদর্শী স্বপ্নদ্রষ্টা ও নিবেদিতপ্রাণ সমাজহিতৈষী। তাঁর উদ্যোগ, পৃষ্ঠপোষকতা ও অবদানে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, ব্রিগেডিয়ার মজুমদার প্রাথমিক বিদ্যালয়, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট ও হারিস চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউটসহ আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষার প্রসার ও আলোকিত সমাজ গঠনে তাঁর এই উদ্যোগ জৈন্তিয়ার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজও হাজারো শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। শিক্ষা বিস্তারে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চিন্তা, কর্ম ও আদর্শ পত্রিকাটির পথচলায় আজও প্রেরণার উৎস।
এদিকে, মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী রোববার তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হবে।
মোহাম্মদ রশিদ হেলালীর মৃত্যুবার্ষিকীতে দৈনিক জৈন্তা বার্তা পরিবারের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




