সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) খাদিমপাড়া এলাকার ৩নং রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মাহমুদুল হাসান (৩৩)। তার মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।
এ দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাহমুদুল হাসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জৈন্তাবার্তা/আরআর




