সংগৃহীত
মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দিয়েছিল। বর্তমানে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার।
আজ বুধবার বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে এবং চব্বিশের আন্দোলনে যে মানুষগুলো শহিদ হয়েছে বা হতাহত হয়েছে, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের আমরা সেখানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে সংসদ নেতা জানান, ‘মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।’
এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনসেন্টিভের এই অর্থটা কোথা থেকে আসবে, সেটি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য যদি এটি আমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারি।’
জৈন্তাবার্তা/ সুলতানা




