মাধবপুরে স্বামীকে শিল দিয়ে আ/ঘাতের ঘটনায় স্ত্রীর জবানবন্দি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

মাধবপুরে স্বামীকে শিল দিয়ে আ/ঘাতের ঘটনায় স্ত্রীর জবানবন্দি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৯:০৭:৪৩ অপরাহ্ন

মাধবপুরে স্বামীকে শিল দিয়ে আ/ঘাতের ঘটনায় স্ত্রীর জবানবন্দি

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে স্বামী মামুন মিয়াকে (৩২) ঘুমের ওষুধ খাইয়ে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় আটক স্ত্রী মমতা বেগম (২৫) আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মমতা বেগমকে বিচারক তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দিতে মমতা স্বামীকে হত্যাচেষ্টার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। তিনি দাবি করেন, বিয়ের পর থেকে স্বামী তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে মামুনের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যান।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ।

আহত মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মমতা বেগমের আদালতে জবানবন্দি দেওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ