ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে এবং শনিবার রাতে জালালাবাদ থানা পুলিশ আওয়ামী লীগের এক সদস্যসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরের সাগরদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে দীপ্ত সরকার (২৭) ও মো. শাকিল প্রকাশ পিচ্চি শাকিলকে (৩৫) গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার দীপ্ত সরকার সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি। তাঁর বাবার নাম দিলীপ সরকার। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার যুগিমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে সিলেট নগরের জালালাবাদ থানাধীন হালদারপাড়ায় বসবাস করতেন। অপর গ্রেপ্তার শাকিল সিলেট সদর উপজেলার কুয়ারপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাঁরা কোতোয়ালি মডেল থানার ৩০ আগস্ট ২০২৬ তারিখের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ধারায় সন্দিগ্ধ আসামি। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনায় দীপ্ত সরকারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা পাওয়া গেছে। শাকিলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা, এয়ারপোর্ট থানা ও গোলাপগঞ্জ থানায় মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি পেনাল কোডের এবং একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।
এ ছাড়া শাকিল কোতোয়ালি মডেল থানার আরও পাঁচটি মামলার আসামি হওয়ায় তাঁকে ওই মামলাগুলোতেও গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে জালালাবাদ থানা পুলিশ আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহানকে (৫৭) গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা-মহানগর কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ আগস্ট জালালাবাদ থানাধীন আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের মিছিল ও মোমবাতি প্রজ্বলন এবং একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কে ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ছাড়া একই দিন রাত ৩টার দিকে জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকা থেকে হাফিজুর রহমান সাহানকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতাকে জখম করার ঘটনায় ওই মামলা করা হয়েছিল। মামলাটির তদন্তে সাহানের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি পুলিশের।
এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




