ছবি:সংগৃহীত
সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে জাতীয়তাবাদী যুবদল। এর অংশ হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় দুই নেতা মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত দুই নেতা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ ও তদারকি করবেন। এ সময়ে বিভাগের জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন তাঁরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




