বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল একজন আইনজীবী: এমপি এমরান চৌধুরী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সিলেট ল’ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল একজন আইনজীবী: এমপি এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৬ ১০:৪৯:২৮ অপরাহ্ন

বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল একজন আইনজীবী: এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো। পড়তে পড়তে আইন শেখার কোনো শেষ নেই।’ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।

সিলেট ল’ কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলাল। এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ