সংগৃহীত
শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ নভেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বিশ্বের উন্নত দেশসমূহের মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।সভাপতির বক্তব্যে নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে উচ্চশিক্ষার আমূল পরিবর্তন দরকার বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মৌলিক এবং প্রায়োগিক গবেষণার মাধ্যমে আমাদের নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ এবং অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতাকে কাজে লাগাতে হবে।আধুনিক বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আমাদের আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতু বন্ধন তৈরি, শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সেমিনারে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, কারিকুলাম উন্নয়ন ও শ্রেণি কক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি ও গবেষণা তহবিল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দেন।এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ব্রেন স্টেশন ২৩ পিএলসি।
দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা সেমিনারে অংশ নেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




