ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদ মিয়া জিম্মাদার (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে তাঁর বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার জাহিদ মিয়া জিম্মাদার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর শান্তিগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জড়িত থাকার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জাহিদ মিয়া জিম্মাদারকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ জানান, রোববার যথাযথ পুলিশ পাহারায় গ্রেপ্তার আসামিকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




