ছবি:সংগৃহীত
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন অপূর্ব বাড়ই (২১) ও দুর্জয় সরকার (২১)। তাঁদের মধ্যে অপূর্ব বাড়ইয়ের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকায়। দুর্জয় সরকারের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামে। তাঁরা দুজনই সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে রোববার (২২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ দাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। কোতোয়ালী মডেল থানার ২১ নভেম্বরের ২১৫৯ নম্বর সাধারণ ডায়েরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁদের শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত দুজনের সঙ্গে পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতায় নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




