আবু জাহিরের আসনে জামানত হারিয়েছেন সবাই।
হবিগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বী সবাই জামানত হারিয়েছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ভোট গ্রহণের ৯৫ শতাংশ পেয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলার চারটি আসনে তিনিই একমাত্র পুরাতন ও বর্তমান এমপি। বাকী সবাই নতুন মুখ। এর মধ্যে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ-৩ শায়েস্তাগঞ্জ, সদর ও লাখাই উপজেলা নিয়ে গঠিত আসনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ৮ প্রার্থীর সকলেই জমানত হারিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৬৮১; ভোট প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪১২টি। এর মধ্যে আবু জাহির নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির (জাপা) আব্দুল মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট। বাকী ৭ প্রার্থীর সবাই মিলে পান ২ হাজার ৬১৩ ভোট। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে।
এমপি আবু জাহির ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নৌকা প্রতীকে কাস্টিং ভোটের ৭১.৩০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এরপরের দুইবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
জৈন্তাবার্তা/জেএ




