ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় শ্রমিক ইস্কন্দর আলীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে কৈতক হাসপাতাল থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
ইস্কন্দর আলী (৫৫) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই গ্রামের ইউনুছ আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদে পঞ্চাইতি বিষয় নিয়ে গ্রামের জবর আলীর পুত্র আরজ আলী ও চান্দ আলীর পুত্র আসমত আলী পক্ষের মধ্যে পাওনা মজুরির টাকা নিয়ে বাকদন্ডিতা ও হাতাহাতি ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনায় সময় মসজিদে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়। ঘটনার পর ইস্কন্দর আলী মসজিদ থেকে বাড়িতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কৈতক হাসপাতালে নেয়া হয় পরে অবস্থার অবনতি হলে কৈতক থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ মৃত্যু নিয়ে উভয় পক্ষ পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একপক্ষের লোকজন জানিয়েছেন ঘটনার সময় আহত ইস্কন্দর আলীকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপর পক্ষের দাবি তিনি আহত ছিলেন না। স্টোক করে তিনি মারা গেছেন বলে তাদের ধারণা।
জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, ঘটনাস্থলে মারামারি তেমন কিছু হয়নি। তবে স্থানীয় লোকজন বলছে তিনি স্টোক করতে পারেন।
ছাতক থানার ওসি শাহ আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। বাকীটা পোষ্ট মর্টামে বুঝা যাবে।
এম সি




