দাফনের ২৯ দিন পর সাব্বিরের লা*শ উত্তোলন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

দাফনের ২৯ দিন পর সাব্বিরের লা*শ উত্তোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৬:৩০:৪৮ পূর্বাহ্ন

দাফনের ২৯ দিন পর সাব্বিরের লা*শ উত্তোলন

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাব্বিরের লাশ দাফনের ২৯ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আজ সকালে লাশ তোলা হয়। এ সময় সাব্বিরের মা মায়া বেগমসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন তার বাবা আমির হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর-টু-রামগতি সড়কের পাশে অবস্থিত মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে সাব্বিরের লাশ উত্তোলন করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে কবর থেকে সাব্বিরের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাব্বিরসহ ৪ শিক্ষার্থী নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও শতাধিক মানুষ।

সাব্বির নিহতের ঘটনায় তার বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর কোর্ট) বিচারক আবু নোমান কবর থেকে সাব্বিরের লাশ উত্তোলনের আদেশ দেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: