ছবি:সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুরের আনারস ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) মহাপরিচালক মুমিন হাসান স্বাক্ষরিত এক সনদে এ স্বীকৃতি প্রদান করা হয়।এই স্বীকৃতিকে স্থানীয়দের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বলে অভিহিত করেছেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান সুসংহত করার জন্য ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআই স্বীকৃতি পাওয়ায় মধুপুরের আনারস এখন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে এবং এর জন্য একটি বৈশ্বিক বাজার তৈরি হবে।’
যেভাবে মধুপুর তার লাল মাটির জন্য বিখ্যাত, তেমনি এই অঞ্চলের আনারসও সুপরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মধুপুরের ঐতিহ্যবাহী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এলাকার সুনাম বৃদ্ধি পাবে।
এই স্বীকৃতি চাষাবাদের মানোন্নয়নে ভূমিকা রাখবে এবং রপ্তানির নতুন দুয়ার উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।
জানা যায়, মধুপুরে প্রথম আনারস চাষ শুরু করেন ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের সদস্য মিজ্জি দয়াময়ী সাংমা। তিনি ভারতের মেঘালয়ের আত্মীয়দের বাড়ি থেকে ৭৫০টি চারা এনে আনারস চাষ শুরু করেন। এরপর থেকেই মধুপুরে আনারস চাষ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় ম্রি বলেন, ‘মধুপুরে ইদিলপুর গ্রাম থেকেই প্রথম আনারস চাষ শুরু হয়েছিল। এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি জৈব পদ্ধতিতে আনারস চাষের পরামর্শ দিচ্ছি।’
গারো বাজারের স্থানীয় কৃষক শনোয়ার হোসেন বলেন, ‘মধুপুরের আনারসের চাষ ও বাজার সম্ভাবনা আশানুরূপ ছিল না। জিআই মর্যাদার সুপারিশ নতুন করে আশার সঞ্চার করেছে। আনারসের ইতিহাস ও ঐতিহ্য এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’
মধুপুরের কৃষি কর্মকর্তা শাকুরা নামি বলেন, ‘জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মানে হলো ভৌগোলিক নির্দেশনা। শুধু মধুপুর নয়, সিলেটসহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও আনারসের চাষ হয়। এখন মধুপুরের আনারস জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচয় পেয়েছে। আন্তর্জাতিকভাবে আনারস রপ্তানির প্রচেষ্টা এখন আরও ফলপ্রসূ হবে।
জৈন্তাবার্তা / এনআর




