১৫ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজে গেছেন যে সালে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

১৫ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজে গেছেন যে সালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন

১৫ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজে গেছেন যে সালে

ফাইল ছবি: হজে শামিল মুসল্লিরা


গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করেছেন ২০১৭ সালে। অন্যদিকে ২০০৯ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে কম হজযাত্রী সৌদি আরব গেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের হজযাত্রীর কোটা ও হজে গমনকারী হজযাত্রীর সংখ্যা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে এরমধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে হজ বন্ধ ছিল।

২০১৭ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বোচ্চ এক লাখ ২৭,১৯৮ জন হজ পালন করেন। ওই বছর হজযাত্রীর কোটাও ছিল এটি। ২০০৯ সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন ৫৮,৬২৮ জন, গত ১৫ বছরে এটি ছিল সবচেয়ে কম বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা। ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রীর কোটা ছিল ৬৫ হাজার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১০ সালে ৭৫ হাজার কোটার বিপরীতে বাংলাদেশ থেকে হজ পালন করেন ৯১,৩৮৪ জন। ২০১১ সালে এক লাখ ২০ হাজার কোটার বিপরীতে এক লাখ ৭,৩৭২ জন বাংলাদেশি হজ করেন। ২০১২ সালে কোটা একই থাকলেও হজ পালন করেন এক লাখ ১২,৬৮০ জন।

২০১৩ সালে বাংলাদেশের কোটা বেড়ে হয় এক লাখ ২৭,১৯৮ জন। ওই বছর বাংলাদেশ থেকে ৮৯,১৯০ জন হজ পালন করেন।

পরের বছর অর্থাৎ ২০১৪ সালে কোটা কিছুটা কমে হয় এক লাখ ১,৭৫৮ জন। তবে, হজ পালন করেন ৯৮,৬৮৩ জন।

২০১৫ সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন এক লাখ ৬,২৩৮ জন। ওই বছর বাংলাদেশের কোটা ছিল এক লাখ ৬,৭৫৮ জন।

২০১৬ সালের হজে বাংলাদেশের কোটা ছিল এক লাখ ১,৭৫৮ জন। ওই বছর হজযাত্রীর কোটা পূরণ হয়, অর্থাৎ এক লাখ ১,৭৫৮ জনই বাংলাদেশ থেকে হজ করেন।

২০১৮ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭,১৯৮ জনের হজ করার সুযোগ ছিল। ওই বছর বাংলাদেশ থেকে কোটার চেয়ে ৪০৯ জন কম হজ পালন করেন।

২০১৯ সালেও কোটা আগের বছরের মতো ছিল। ওই বছর এক লাখ ২৬,৯২৩ জন হজ পালন করেন। কোটার চেয়ে হজযাত্রী কম ছিল ২৭৫ জন।

করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে হজ বন্ধ ছিল। মহামারির পর ২০২২ সালে সীমিত পরিসরের হজে বাংলাদেশের কোটা ছিল ৬০ হাজার জন। এর বিপরীতে বাংলাদেশ থেকে ৫৯,৯১৬ জন হজ পালন করেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২৩ সালের হজে বাংলাদেশের কোটা আগের মতো এক লাখ ২৭,১৯৮ জন হয়। ওই বছর বাংলাদেশ থেকে হজ পালন করেন এক লাখ ২৩,২১৮ জন।

সর্বশেষ এ বছরও বাংলাদেশের হজের কোটা ছিল এক লাখ ২৭,১৯৮ জন। কিন্তু বাংলাদেশ থেকে এ বছর কোটার চেয়ে ৪১,৯৪১ জন কম হজ পালন করেন। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে হজ পালন করেন ৮৫, ২৫৭ জন।

গত ১৫ বছরে ২০২৪ সালের মতো কোটার চেয়ে এত কম হজযাত্রী আর হয়নি। আগামী বছরের হজেও বাংলাদেশের কোটা এক লাখ ২৭,১৯৮ জন বহাল থাকছে বলে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: