কাশবন ও ঝোপে মিলল লুট হওয়া আগ্নেয়াস্ত্র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কাশবন ও ঝোপে মিলল লুট হওয়া আগ্নেয়াস্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৯:০৫:২৫ পূর্বাহ্ন

কাশবন ও ঝোপে মিলল লুট হওয়া আগ্নেয়াস্ত্র

ছবি:সংগৃহীত


ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী ও চট্টগ্রামে লুট হওয়া পুলিশের দুটি শটগান, রাবার বুলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার এগুলো উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে নগরের পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে দুটি শটগান ও রাবার বুলেট উদ্ধার করা হয়। এগুলো রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অস্ত্র; যা ৫ আগস্ট লুট হয়েছিল। একটি শটগান বোয়ালিয়া থানার; আরেকটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট আরএমপি সদর দপ্তর, রাজপাড়া, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়িতে হামলা ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। এতে শুধু আরএমপির ১৬২টি অস্ত্র লুট হয়।

নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, এখন পর্যন্ত ১৪৪টি অস্ত্র উদ্ধার করা গেছে। লাইসেন্স করা সব অস্ত্র জমা পড়েছে। তবে লুট হওয়া ১৮টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।

এদিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল গোপন খবরে হালিশহর উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ঝোপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পরে জানা যায়, এটি ৫ আগস্ট হালিশহর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর একটি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: