ভারতে অনুপ্রবেশের সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে ৫ জনকে আটক করেছে বিজিবি। ২৫ সরাইল ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির সদস্যরা শুক্রবার (৪ অক্টোবর) রাতে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫), অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের মৃত কাঁচারাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেস দাসের স্ত্রী সতী দাস (২৭)।
এ সময় বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালের মাধ্যমে তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে উল্লেখিত লোকদের আটক করেন। মামলা দায়ের করে রাতেই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তা বার্তা / আরআর




