প্রতীকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্ধু ডেকে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর পুকুরে ভেসে উঠেছে মমিনুল হাসান কমল (২৬) নামের এক যুবকের মরদেহ। সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, বন্ধুই পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুকুরে ফেলেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মমিনুল হাসান কমল (২৬) একজন পোলট্রি ব্যবসায়ী।
তার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব একই গ্রামের আব্দুল মতিনের ছেলে এনায়েত কবির রানার (২৭)।
কমলের ভাই কাউছার জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কমলকে ডেকে নিয়ে যায় রানা। প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টায় রানা এসে তার বাবাকে জানায়, কমলকে শয়তানে হত্যা করে মাঝিয়াকান্দি গ্রামের আব্দুস ছালামের পুকুরে ফেলে রেখে গেছে। কমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তার পরিবার হত্যার অভিযোগ করায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




