চালক অসুস্থ, নিয়ন্ত্রণহীন বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

চালক অসুস্থ, নিয়ন্ত্রণহীন বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১১:৪২:৩৬ পূর্বাহ্ন

চালক অসুস্থ, নিয়ন্ত্রণহীন বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর

প্রতীকী ছবি


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চালক অসুস্থ হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে চলমান একটি মোটরসাইকেল, ডিজেল ইঞ্জিনচালিত ভটভটি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদচারী–সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল আলম (৭৫) সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলার উত্তর ঈদুলপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে রসূল আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় বাসের যাত্রী নুর আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের বাসটি যখন মিরসরাই পৌঁছায়, হঠাৎ চালক চিৎকার করে তার আসন থেকে ছিটকে পড়েন। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পথচারীসহ অন্যদের চাপা দেয়।

মিরসরাই থানার উপপরিদর্শক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রসূল আহমেদের বাঁ হাত ভেঙে গেছে এবং তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর নিহত ব্যক্তির লাশ ও বাসটি জোরারগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন জানান, আহত আশীষ কুমার দে ও আবদুর রহিমকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: