ছবি সংগৃহীত
দৈনিক জৈন্তাবার্তার প্রিন্ট (পত্রিকা) ও অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরীকে কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে শোকজ করেছে কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুসরাত জাহান স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে- ডা. ফরহাদ আহমেদ চৌধুরী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর সময়কাল পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের অনুপস্থিতি কাজে অবহেলা, গাফিলতি ও উদাসীনতার পর্যায়ে পড়ে এবং উক্ত কর্মকাণ্ড চাকরিবিধির পরিপন্থী।
এরকম অনুপস্থিতির বিষয়টি কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়ে ডা. ফরহাদ আহমেদকে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডা. ফরহাদ আহমেদ চৌধুরী কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন কি না জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুসরাত জাহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ডা. ফরহাদ শোকজের জবাব দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দৈনিক জৈন্তাবার্তায় 'ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।
জৈন্তা বার্তা/আরআর




