ছবি:সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার লামারবাগ এলাকায় একটি রপ্তানিমুখী নীট গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নুর গ্রীন কম্পোজিট নামের কারখানায় এ ঘটনা ঘটে।
আগুনে রপ্তানিযোগ্য ২ লাখ পিস তৈরি গেঞ্জি পুড়ে গেছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর। এর আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলেও জানান তিনি।
সাকিব নূর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে তারা। কারখানার ভেতরে রপ্তানির জন্য প্রায় ৪ লাখ পিস তৈরি গেঞ্জি প্রস্তত ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক ফখর উদ্দিন বলেন, ফতুল্লার লামারবাগ এলাকার একটি গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানা সম্ভব হয়নি।
জৈন্তাবার্তা / রহমান




