ছবি:সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাটে ভাঙচুর ও লুটপাটের মামলায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম স্বপনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সাদিকুল ইসলাম স্বপন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার মনির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গতকাল সোমবার সাদিকুল ইসলাম স্বপনকে উপজেলার চায়না বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্বপন ও তার সহযোগীরা ২০১৩ সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সাদিকুল ইসলাম স্বপন একটি মামলায় আসামি। গ্রেপ্তারের পর সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




