নিলামে দুটি ড্রাগন ফল বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকায়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে এই ফল দুটি বিক্রি হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল দান করেন। মধ্যরাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মোশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তোলেন। এক পর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী আলমগীর চৌধুরী।
ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তুললে ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশগ্রহণ করেছেন, সবার উদ্দেশ্য হলো ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।
পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যিনি ফল কিনেছেন তিনি হলেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।
জৈন্তা বার্তা/আরআর




